প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে দেশের বিভিন্ন জেলায় সাধারণ মানুষকে ভুয়া আইনি নোটিশ পাঠিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। মঙ্গলবার (১৯ মে) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে সাধারণ মানুষকে সাবধান থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্রটি ‘আইন নিয়ন্ত্রণ বিভাগ’ ও ‘ক্রাইম ইউনিট সেল’ নামে যে বিভাগ বা শাখার উল্লেখ করছে, মন্ত্রণালয়ে সেগুলোর কোনো অস্তিত্ব নেই। মন্ত্রণালয় এ ধরণের কোনো কার্যক্রম পরিচালনা করে না। প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতারক চক্রটি প্রথমে সাধারণ মানুষকে ফোন করে অথবা সরাসরি ভুয়া নোটিশ পৌঁছে দেয়। নোটিশে অজানা অপরাধের অভিযোগ এনে জরিমানা অথবা কারাদণ্ডের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি ‘মীমাংসা’ করার কথা বলে টাকা দাবি করে চক্রটি। এ ধরণের প্রতারণার ঘটনা নজরে আসায় ইতিমধ্যে আইনি ব্যবস্থা নেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ। মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরণের ভুয়া নোটিশে বিভ্রান্ত হয়ে কেউ যেন কোনো আর্থিক লেনদেন না করেন। সন্দেহজনক কোনো নোটিশ পেলে তাৎক্ষণিকভাবে স্থানীয় থানায় অথবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জরুরি হটলাইনে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যে কোনো নোটিশের সত্যতা যাচাই করা জরুরি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া আইনি নোটিশ পাঠিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। এ ধরনের প্রতারণা থেকে সাবধান থাকতে এবং কোনো আর্থিক লেনদেন না করতে মন্ত্রণালয় সতর্কবার্তা দিয়েছে।

0 Comments