Recents in Beach

ব্রেকিং নিউজ

মাতারবাড়ীতে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় বিএনপি নেতার অভিযোগ

মাতারবাড়ীতে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় বিএনপি নেতার অভিযোগ

মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে স্থানীয়দের চাকরির অধিকার আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি নেতা ও ইউপি সদস্য মোহাম্মদ আলীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার মহেশখালী থানায় উপস্থিত হয়ে তিনি এ অভিযোগ জমা দেন।

অভিযোগপত্রে বিবাদী হিসেবে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ফুয়েল অ্যান্ড অ্যাশ ম্যানেজমেন্টের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মিজানুর রহমানের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী মোহাম্মদ আলী (৬৩) মাতারবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার এবং ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ মে সকালে স্থানীয় শ্রমজীবীদের চাকরির দাবিতে মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের ২ নম্বর গেটে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী। এতে ক্ষিপ্ত হয়ে ওই দিন বিকেল ৪টার দিকে প্রকৌশলী মিজানুর রহমান তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে অভিযোগকারীর নম্বরে ফোন করেন। এসময় তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে “শেষ করে দেওয়ার” হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্ত প্রকৌশলী মিজানুর রহমান অনৈতিকভাবে বহিরাগতদের নিয়োগ দিলেও স্থানীয়দের বঞ্চিত করে আসছেন। স্থানীয়দের ন্যায্য দাবির পক্ষে অবস্থান নেওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণেই তাকে এ হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগকারী দাবি করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে অভিযোগপত্রে রফিক উদ্দিন মানিক, মো. আবুল হোছাইন এবং আরমান উল্লাহর নাম সাক্ষীর তালিকায় রাখা হয়েছে। মোহাম্মদ আলী মেম্বার জানান, বিবাদী প্রভাবশালী হওয়ায় তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এ বিষয়ে দ্রুত আইনগত প্রতিকার আশা করছেন।

এর আগে মাতারবাড়ী এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, সাবেক সরকারের প্রভাবশালী এক প্রতিমন্ত্রীর আশীর্বাদপুষ্ট এই কর্মকর্তা সিন্ডিকেটের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন এবং স্থানীয়দের অধিকার বঞ্চিত করে আসছেন।

মহেশখালী থানা সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

সংক্ষেপে:
মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পে চাকরির দাবির আন্দোলন ঘিরে বিএনপি নেতা ও ইউপি সদস্য মোহাম্মদ আলীকে হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Post a Comment

0 Comments