পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাম্প্রতিক সাফল্যের রেশ এবার আন্তর্জাতিক মহলেও ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক মতামতধর্মী প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই ধারাবাহিক সাফল্য বিশ্ব রাজনীতিতে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করছে।
ওয়াশিংটন পোস্টে প্রকাশিত ওই নিবন্ধে বলা হয়েছে, ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসামের নির্বাচনী ফলাফল আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর কেড়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে সদস্য সংখ্যার নিরিখে বিজেপি বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে, যা এমনকি চীনের কমিউনিস্ট পার্টিকেও ছাড়িয়ে গেছে। বর্তমানে দলটির সদস্য সংখ্যা প্রায় ১৪ কোটির কাছাকাছি। এছাড়া মানব ইতিহাসে অন্য কোনো রাজনৈতিক নেতার তুলনায় নরেন্দ্র মোদির পক্ষে সবচেয়ে বেশি ভোট পড়েছে বলে নিবন্ধে জানানো হয়েছে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির জয়কে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে সরিয়ে ২০৭টি আসনে জয় পেয়েছে বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি আসনে সীমাবদ্ধ ছিল। আসামে ৮২টি আসনে জয় পেয়ে পুনরায় ক্ষমতায় ফিরেছে বিজেপি এবং পুদুচেরিতেও এনডিএ সরকার বজায় রয়েছে।
নিবন্ধের লেখক বিল ড্রেক্সেল জানান, বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ হিসেবে ভারত দ্রুত প্রভাবশালী বিশ্বশক্তি হয়ে উঠছে। তার মতে, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরেও নরেন্দ্র মোদি অন্যান্য গণতান্ত্রিক দেশের নেতাদের তুলনায় জনপ্রিয়তায় অনেক এগিয়ে রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল জাতীয় রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক মহলেও ভারতের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
পশ্চিমবঙ্গ ও আসামে বিজেপির নির্বাচনী সাফল্য নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে নরেন্দ্র মোদির নেতৃত্ব ও বিজেপির বিশ্বসেরা রাজনৈতিক দল হওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

0 Comments