নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রবীন্দ্রজন্মোৎসব পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় কবির স্মৃতিবিজড়িত কাচারিবাড়ি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে তিনি সাহিত্য ও সংস্কৃতির পাশাপাশি দেশের সমসাময়িক রাজনীতি ও পররাষ্ট্রনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
রবীন্দ্রনাথের কৃষি-ভাবনার কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, রবীন্দ্রনাথ শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন একজন বড় সমাজ সংস্কারক। পতিসরে এসে তিনি কৃষকদের দুঃখ দেখে ব্যথিত হতেন এবং তাদের সহায়তায় ব্যাংক স্থাপন ও আধুনিক কৃষি পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছিলেন। এটি ছিল মানুষের প্রতি কবির গভীর দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। রবীন্দ্রচর্চাকে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে দেখার সমালোচনা করে তিনি বলেন, রবীন্দ্রনাথ বিশ্ব মানবতার কবি ও একজন দার্শনিক।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও পররাষ্ট্রনীতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আমাদের মূল লক্ষ্য হলো সবার আগে বাংলাদেশ। কেউ হয়তো ভারত, পাকিস্তান বা আমেরিকার পক্ষে থাকতে পারে, কিন্তু আমরা শুধু বাংলাদেশের পক্ষে। জুলাই বিপ্লবের কথা উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অনেক সহযোদ্ধা প্রাণ দিয়েছেন। এই যুদ্ধের পর মানুষ এখন নতুন প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে।
দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা সম্পর্কে সতর্ক করে মির্জা ফখরুল বলেন, একটি হতাশাগোষ্ঠী ছোট ইস্যুকে বড় করে গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে। আমরা দেশে আর কোনো অস্থিরতা চাই না। রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী মিজানুর রহমান মিনু, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
নওগাঁর পতিসরে রবীন্দ্রজয়ন্তীতে যোগ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা কোনো দেশের পক্ষে নয়, কেবল বাংলাদেশের পক্ষে। তিনি দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানান।

0 Comments