জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা এবং ১১ দলীয় ঐক্য সমর্থিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম রামিসা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করেছেন। শুক্রবার সকালে ঢাকা থেকে আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি জানান। রোকেয়া বেগম বলেন, হত্যাকাণ্ডের বিচার না হলে এমন ঘটনা চলতেই থাকবে, যা কারো কাম্য নয়। তিনি আরও জানান, জুলাই আন্দোলনে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের উন্নয়ন এবং তাদের মানসিক প্রশান্তির জন্য তিনি কাজ করবেন। এছাড়া নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে ভূমিকা রাখার পাশাপাশি কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের সাথে সমন্বয় করে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। স্টেশনে পৌঁছালে তাকে উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি বাহার মিয়া, বিএনপি নেতা সোহাগ খান, মন্তাজ মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ বোরহান উদ্দিন, যুবদল নেতা শেখ বাবু এবং মহিলা দলের সভানেত্রী জান্নাত পারভীন স্মৃতিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলার তুলাই শিমুল গ্রামে স্বামীর বাড়িতে যান। বিকেলে গ্রামবাসীর উদ্যোগে তাকে সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জাবিরের মা ও সংরক্ষিত এমপি রোকেয়া বেগম আখাউড়ায় পৌঁছে রামিসা হত্যার বিচার দাবি করেছেন। তিনি জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

0 Comments