চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে অনুষ্ঠিত ৭টি মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০ দশমিক ৭৩ শতাংশে দাঁড়িয়েছে। ১৭ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত এসব বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি সংক্রান্ত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ৮ম বৈঠকে এই প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়েছে, মন্ত্রিসভার এই বৈঠকে জাপানের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় উত্থাপিত ‘ট্রান্সফার অব ডিফেন্স ইকুইপমেন্ট অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি বিনিময়ের পথ সুগম হবে। এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রস্তাবনায় ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সে (আইবিসিএ) যোগদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারসহ বিশ্বের সাতটি প্রধান বৃহৎ বিড়াল প্রজাতি সংরক্ষণের লক্ষ্যে গঠিত এই বৈশ্বিক জোটে বর্তমানে জাতিসংঘভুক্ত ২৪টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এই জোটে যুক্ত হওয়ার ফলে বাঘের আবাসস্থল সংরক্ষণ এবং অবৈধ শিকার প্রতিরোধে প্রযুক্তিগত সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।
একই বৈঠকে নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে ‘গ্লোবাল কমপ্যাক্ট ফর সেইফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন’ (জিসিএম) বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬-২০৩০ মেয়াদের জাতীয় কর্মপরিকল্পনা (জিসিএম-ন্যাপ) অনুমোদন দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই প্রস্তাবটি উত্থাপন করে। উল্লেখ্য, নিরাপদ অভিবাসনে বাংলাদেশের সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশকে ‘জিসিএম চ্যাম্পিয়ন কান্ট্রি’ হিসেবে তালিকাভুক্ত করে। জিসিএমের লক্ষ্য ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে এই জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাপানের সাথে প্রতিরক্ষা প্রযুক্তি চুক্তি এবং নিরাপদ অভিবাসনে জাতীয় কর্মপরিকল্পনা অনুমোদনসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

0 Comments