নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা। এই দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্তর্ভুক্তকরণ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।
সমাবেশে বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এস.এম. কাদির বলেন, কুতুবপুরবাসীর দীর্ঘদিনের এই দাবি মানা না হলে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে নির্বাচন প্রতিরোধ করা হবে এবং এর ফলে উদ্ভূত পরিস্থিতির জন্য জেলা প্রশাসক দায়ী থাকবেন।
বক্তারা উল্লেখ করেন, কুতুবপুর ইউনিয়ন জনসংখ্যার দিক দিয়ে দেশের বৃহত্তম ইউনিয়ন, যার বর্তমান জনসংখ্যা প্রায় ১০ লাখ। ৩ হাজার ৬৪৭ একর আয়তনের এই ইউনিয়নের অধিকাংশ ভূমিই অকৃষি। স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এর ৩ ধারা অনুযায়ী একটি ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করার যেসব মানদণ্ড প্রয়োজন, কুতুবপুর অনেক আগেই তা পূর্ণ করেছে।
বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাজি মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হক জমাদ্দার। এছাড়া ফতুল্লা থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ, নাছির উদ্দিন প্রধান, জাহের মোল্লা, তরিকুল ইসলাম, মিজানুর রহমান মোল্লা, আমির হোসেন ও হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সাদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলনে নেমেছে কুতুবপুর ইউনিয়নের বাসিন্দারা। দাবি না মানলে নির্বাচন প্রতিহত করার হুঁশিয়ারি দিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।

0 Comments