গোনাহ থেকে বাঁচতে এবং হালালের পথে থাকার উদ্দেশ্যে জীবনের ‘সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ হিসেবে দ্বিতীয় বিয়ে করেছেন বলে জানিয়েছেন আলোচিত ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। গত বুধবার সকালে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য জানান। তবে এই বিয়েকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হলে তিনি পরবর্তীতে পোস্টটি সরিয়ে নেন।
বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক আইডিতে ‘কিছু বিভ্রান্তি ও অপপ্রচারের জবাব’ শিরোনামে একটি দীর্ঘ ব্যাখ্যামূলক পোস্ট দেন মাদানী। সেখানে তিনি প্রথম স্ত্রী থাকা অবস্থায় প্রেমের সম্পর্ক বা টিকটকের মাধ্যমে পরিচয়ের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। তিনি জানান, বিয়ের দিন দেখার আগে তিনি ওই মেয়ের সাথে কখনো কথা বলেননি এবং তার কোনো টিকটক আইডি নেই।
প্রথম স্ত্রীর গর্ভাবস্থায় দ্বিতীয় বিয়ের কারণ ব্যাখ্যা করে মাদানী বলেন, তিনি আইএমভি নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই বিয়ে করেছেন। সেখানে কয়েক মাস আগে তিনি ফরম পূরণ করেছিলেন এবং কুফু অনুযায়ী উপযুক্ত পাত্রী পাওয়ার সময়টি তার স্ত্রীর গর্ভাবস্থার সাথে মিলে গেছে। তিনি আরও দাবি করেন, গর্ভাবস্থার পুরো সময় তিনি হাসপাতালে থেকে প্রথম স্ত্রীর দেখাশোনা করেছেন এবং তার দায়িত্বে কোনো অবহেলা ছিল না।
সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, অনেকে একাধিক বিয়ের ইসলামি বিধানকে অপছন্দ করেন বলেই এই সমালোচনা করছেন। তিনি অভিযোগ করেন, সমাজের অনেক প্রভাবশালী ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ড নিয়ে কথা না হলেও তার বৈধ দ্বিতীয় বিয়ে নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে।
দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনার কড়া জবাব দিয়েছেন রফিকুল ইসলাম মাদানী। গোনাহ থেকে বাঁচতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। একইসাথে প্রথম স্ত্রীর প্রতি অবহেলার অভিযোগও নাকচ করেন।

0 Comments