নীলফামারীর কিশোরগঞ্জে সরকারিভাবে চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান ফিতা কেটে ধান ও চাল ক্রয় প্রক্রিয়ার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমান, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্ এবং খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন। এছাড়াও মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক তারিকুল হক্ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে এই উপজেলায় মোট ১২০০ মেট্রিক টন ধান এবং ১৩৭০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারিভাবে প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা এবং প্রতি কেজি চালের মূল্য ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ডিজিটাল অ্যাপের মাধ্যমে ধান বিক্রির জন্য কৃষকদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়েছিল। নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদনকারী কৃষকদের কাছ থেকে সরাসরি ধান এবং চুক্তিবদ্ধ মিল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে বলে জানানো হয়েছে।
নীলফামারীর কিশোরগঞ্জে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ৩৬ টাকা দরে ধান ও ৪৯ টাকা দরে চাল কিনছে সরকার। অ্যাপে আবেদনকারী কৃষকদের কাছ থেকে এই ধান সংগ্রহ করা হচ্ছে।

0 Comments