হাম ও হামের উপসর্গে দেশে তিন শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শনিবার রাজধানীর পুরান পল্টন মোড়ে সিপিবি পল্টন শাখার উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এই দাবি জানান।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি শিশুদের এই অস্বাভাবিক মৃত্যুতে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, বিশেষজ্ঞদের তথ্য-প্রমাণ অনুযায়ী সরকারের চরম গাফিলতির কারণেই এই ভয়াবহ ঘটনা ঘটেছে। বাংলাদেশ টিকাদান কর্মসূচিতে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করলেও বর্তমান সরকারের অবহেলায় আজ শিশুদের প্রাণ দিতে হচ্ছে। অথচ সরকার এ বিষয়ে রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হামে আক্রান্ত শিশুদের জন্য পর্যাপ্ত আইসিইউ সাপোর্টের অভাব ছিল। সরকার সময়মতো পরিকল্পিত উদ্যোগ নিলে অনেক শিশুর মৃত্যু এড়ানো সম্ভব হতো বলে তারা মনে করেন। বক্তারা আরও বলেন, জাতীয় সংসদে বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও এই মানবিক বিপর্যয় নিয়ে পর্যাপ্ত আলোচনা হয়নি।
রুহিন হোসেন প্রিন্স দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার সমালোচনা করে বলেন, চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর লাখ লাখ মানুষ সহায়-সম্বল হারিয়ে দরিদ্র হয়ে যাচ্ছে। বেসরকারিকরণের নামে মানহীন হাসপাতাল ও অপ্রয়োজনীয় ডায়াগনস্টিক সেন্টারের ভিড় বাড়লেও সেবার মান নিশ্চিত হচ্ছে না। তিনি চিকিৎসা নিয়ে ব্যবসা কঠোরভাবে নিষিদ্ধ করা ও সরকারি হাসপাতালের সংখ্যা বাড়ানোর দাবি জানান।
সিপিবি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ত্রিদিব সাহা, মুর্শিকুল ইসলাম শিমুল ও সেকেন্দার হায়াত। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা অনতিবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
হামে ৩০০ শিশুর মৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার শাস্তির দাবি জানিয়েছে সিপিবি। রাজধানীর পল্টনে আয়োজিত সমাবেশে সরকারের গাফিলতি ও স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার সমালোচনা করা হয়।

0 Comments