নেত্রকোনার কলমাকান্দায় উব্দাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে গোড়াডোবা হাওরের অস্থায়ী বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করেছে। এতে কয়েকশত হেক্টর বোরো ধান তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে কলমাকান্দা উপজেলার গোড়াডোবা হাওরের অস্থায়ী বাঁধের একটি অংশ ভেঙে যায়। পরে দ্রুত হাওরে পানি প্রবেশ শুরু হলে বোরো ধান ও নিচু এলাকার ফসলি জমি ঝুঁকির মধ্যে পড়ে। স্থানীয় কৃষকরা জানান, কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাঁধ ভাঙার খবর পেয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে ডেপুটি স্পিকার বলেন, অকাল বন্যা থেকে কৃষকদের ফসল রক্ষায় স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড ও পানিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ভোগ কমানো যায়। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, উব্দাখালী নদীর পানি বিপদসীমার ৯৬ সেন্টিমিটার এবং কংশ নদীর পানি বিপদসীমার ১৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং হাওরাঞ্চলের মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।
নেত্রকোনার কলমাকান্দায় উব্দাখালী নদীর পানি বৃদ্ধিতে ভেঙে গেছে গোড়াডোবা হাওরের অস্থায়ী বাঁধ। এতে কয়েকশত হেক্টর বোরো ধান তলিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন।

0 Comments