জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫১ তম ব্যাচের এক ছাত্রীকে রাস্তা থেকে টেনেহিঁচড়ে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিরাপত্তা শাখা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত এগারোটার দিকে ওই শিক্ষার্থী রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সে সময় এক ব্যক্তি তাঁর পিছু নেয়। পুরাতন ফজিলতুন্নেছা হল সংলগ্ন সড়কে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর কাছাকাছি এলে শিক্ষার্থী তার পরিচয় জানতে চান। অভিযুক্ত ব্যক্তি নিজেকে বিশ্ববিদ্যালয়ের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী এবং পার্শ্ববর্তী বিশমাইল এলাকার বাসিন্দা বলে পরিচয় দেন। কথা বলার এক পর্যায়ে তিনি কাপড় দিয়ে শিক্ষার্থীর গলা পেঁচিয়ে অন্ধকারের দিকে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। ভুক্তভোগী শিক্ষার্থী কোনোমতে নিজেকে ছাড়িয়ে রাস্তায় চলে আসলে পথচারীরা তাকে উদ্ধার করেন।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ও নার্স জানিয়েছেন, ভুক্তভোগী শিক্ষার্থীকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, জাকসু নেতৃবৃন্দ ও অন্য শিক্ষার্থীরা নিরাপত্তা শাখায় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম এ ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক বলে অভিহিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজে অভিযুক্ত ব্যক্তিকে দেখা গেলেও তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুরো ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতায় থাকায় দ্রুতই তাকে শনাক্ত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভুক্তভোগীর পাশে রয়েছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
জাবি ক্যাম্পাসে ছাত্রীকে রাস্তা থেকে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ। ভুক্তভোগীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্তে কাজ করছে প্রশাসন।

0 Comments