রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে এক অভিনব কৌশল অবলম্বন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা পুলিশ। ছদ্মবেশে গান গাওয়ার আড়ালে বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ সাতজন মাদকসেবী ও কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. মামুনুর রহমান, মো. রানা, সজীব অধিকারী, মো. শহীদুল ইসলাম, মো. রাকিব হোসেন, মো. আল আমিন ও মো. মাছুম ভূঁইয়া।
বৃহস্পতিবার রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত বুধবার রাতে শাহবাগ থানা পুলিশের একটি বিশেষ টিম সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে মাদকসেবী ও কারবারিদের বিচরণ ঠেকাতে সাধারণ পোশাকে ছদ্মবেশ ধারণ করে। অভিযানের অংশ হিসেবে তারা সেখানে গানের আসর জমানোর মতো কৌশল অবলম্বন করেন। পুলিশের উপস্থিতি টের না পেয়ে মাদকসেবী ও ব্যবসায়ীরা সেখানে সমবেত হলে তাদের অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর আসামিদের রমনা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে পাঠানো হয়। আদালত তাদের অপরাধের ভিত্তিতে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রদান করেন। মাদক নির্মূলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ ধরনের সৃজনশীল ও কঠোর অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানে ছদ্মবেশে গান গেয়ে সাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। অভিনব এই অভিযানে মাদকসেবীদের হাতেনাতে ধরে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

0 Comments