চলতি বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোনার হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের যে তালিকা প্রস্তুত করা হয়েছে, তা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। শুক্রবার বিকেলে খালিয়াজুরী উপজেলার নূরানীপুর গ্রামে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। লুৎফুজ্জামান বাবর জানান, বিএনপি ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় প্রাথমিকভাবে একটি তালিকা করা হলেও সেখানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের পাশাপাশি অপ্রয়োজনীয় অনেক নাম অন্তর্ভুক্ত হয়েছে। ফলে তালিকাটি নতুন করে যাচাই-বাছাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, যারা সত্যিকার অর্থে ক্ষতির শিকার হয়েছেন এবং সহায়তা পাওয়ার যোগ্য, কেবল তাদেরই নতুন তালিকায় রাখা হবে। এছাড়া ঈদের আগেই ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি। বাবর আরও উল্লেখ করেন যে, ইতোমধ্যে তারেক রহমান ক্ষতিগ্রস্তদের সহায়তার ঘোষণা দিয়েছেন। হাওরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিচ্ছিন্ন কোনো উন্নয়ন নয় বরং হাওরের বাস্তবতা বিবেচনা করে পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রয়োজন।
নেত্রকোনার হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রাথমিক তালিকা অগ্রহণযোগ্য বলে জানিয়েছেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। প্রকৃত ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন করে তালিকা তৈরির ঘোষণা দিয়েছেন তিনি।

0 Comments