রাজধানী ঢাকার সড়কে চলাচলকারী লক্কড়ঝক্কড় ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে কঠোর অভিযানে নামছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করে ডিএমপি। বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর এলাকায় নির্ধারিত ‘ইকোনমিক লাইফ’ অতিক্রান্ত গাড়ি না চালাতে সংশ্লিষ্ট মালিক ও চালকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মহানগর এলাকায় চলাচলকারী কিছু অনুপযোগী বাস ও পণ্যবাহী যানবাহন প্রায়ই রাস্তা, উড়ালসড়ক এবং সেতুর ওপর বিকল হয়ে পড়ছে। এর ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং জনদুর্ভোগের পাশাপাশি সড়ক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইকোনমিক লাইফ অতিক্রান্ত সব যানবাহনের বিরুদ্ধে শিগগিরই বিশেষ অভিযান শুরু করা হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ২০২৩ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, বাস ও মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং ট্রাক ও কাভার্ডভ্যানসহ অন্যান্য মালবাহী যানের ক্ষেত্রে ২৫ বছর ইকোনমিক লাইফ নির্ধারিত রয়েছে।
ডিএমপি আরও জানিয়েছে, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা এবং যানবাহন ডাম্পিং-এ পাঠানোর মতো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকার সড়কে লক্কড়ঝক্কড় ও ঝুঁকিপূর্ণ গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করছে ডিএমপি। নির্ধারিত ইকোনমিক লাইফ অতিক্রান্ত যানের বিরুদ্ধে জরিমানা ও ডাম্পিংয়ের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

0 Comments