কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। সেখানে ৯৮ বছর বয়সী প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকারকে শাল পরিয়ে সম্মান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর তিনি প্রবীণ এই নেতার পা ছুঁয়ে প্রণাম করেন এবং তাঁকে আলিঙ্গন করেন। এই দৃশ্য উপস্থিত সকলের নজর কাড়ে।
শিলিগুড়ির বাসিন্দা মাখনলাল সরকার জনসঙ্ঘ আমল থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি দলটির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন। প্রধানমন্ত্রী মোদি সামাজিক মাধ্যমে এক পোস্টে মাখনলাল সরকারকে একজন নিবেদিতপ্রাণ জাতীয়তাবাদী হিসেবে বর্ণনা করেন। তিনি উল্লেখ করেন, মাখনলাল সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন এবং জম্মু-কাশ্মীরে গ্রেপ্তারও হয়েছিলেন। পশ্চিমবঙ্গে দলের সংগঠন শক্তিশালী করতে তাঁর অবদান অসামান্য।
অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও প্রবীণ এই নেতাকে প্রণাম করেন। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য উপস্থিত নেতাদের কাছে মাখনলাল সরকারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তুলে ধরেন। উল্লেখ্য, ১৯৪৫ সাল থেকে জনসঙ্ঘের সঙ্গে যুক্ত মাখনলাল ১৯৫২ সালে কাশ্মীরে শ্যামাপ্রসাদের সঙ্গেই কারাবরণ করেছিলেন। ১৯৮০ সালে বিজেপি প্রতিষ্ঠার পর তিনি বিভিন্ন জেলায় সাংগঠনিক সমন্বয়কারী ও জেলা সভাপতির দায়িত্ব পালন করেন।
কলকাতায় শুভেন্দু অধিকারীর শপথ অনুষ্ঠানে ৯৮ বছর বয়সী প্রবীণ নেতা মাখনলাল সরকারকে পা ছুঁয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনসঙ্ঘ আমলের এই ত্যাগী নেতার প্রতি শ্রদ্ধা জানান অমিত শাহও।

0 Comments