দেশের বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার পঞ্চগড় সুগার মিলস লিমিটেড কারখানা প্রাঙ্গণে আখচাষীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, আখচাষী, শ্রমিক এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লাভজনক পরিচালনার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসব মিল চালুর সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, এই মিলগুলো দেশের মানুষের সম্পদ এবং এগুলোর সৎ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় উৎপাদনে ফিরলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতিতে গতি আসবে।
বর্তমানে দেশের অধিকাংশ চিনিকলের বয়স ৫০ থেকে ৭০ বছর পার হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আধুনিকায়ন, সংস্কার ও নতুন প্রযুক্তি সংযোজন ছাড়া অনেক প্রতিষ্ঠানের কার্যকর পুনরুজ্জীবন সম্ভব নয়। কোনো কোনো মিলে নতুন যন্ত্রপাতি সংযোজন আবার কোথাও অবকাঠামোগত সংস্কার প্রয়োজন। তবে সবক্ষেত্রেই চাষী ও শ্রমিকদের স্বার্থ রক্ষা ও লাভজনক পরিচালনার বিষয়টি নিশ্চিত করা হবে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, একটি শিল্পকারখানা সচল থাকলে তার সঙ্গে সংশ্লিষ্ট বহুমাত্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। যা দেশের সামগ্রিক অর্থনীতি ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির ও শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। উল্লেখ্য, ১৯৬৬-৬৯ সালে প্রতিষ্ঠিত পঞ্চগড় সুগার মিলস লিমিটেড বর্তমানে বিএসএফআইসির অধীনে পরিচালিত হচ্ছে।
বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। পঞ্চগড়ে আখচাষীদের সঙ্গে মতবিনিময় সভায় শিল্পমন্ত্রী জানান, চাষী ও শ্রমিকদের স্বার্থ রক্ষা করে আধুনিকায়নের মাধ্যমে মিলগুলো সচল করা হবে।

0 Comments