সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত ঐতিহাসিক রবীন্দ্র কাছারিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিদ্যুৎমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের গুরু। কবির স্মৃতিবিজড়িত এই কাছারিবাড়িতে বসেই তিনি অসংখ্য কালজয়ী গান, কবিতা ও গল্প রচনা করেছেন। রবীন্দ্রনাথের সাহিত্য বাঙালির হৃদয়ে আজও জীবন্ত এবং নতুন প্রজন্মের কাছে সেই স্মৃতি তুলে ধরতেই এই বিশেষ আয়োজন করা হয়েছে।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। জন্মবার্ষিকী উপলক্ষে ২৫ থেকে ২৭ বৈশাখ পর্যন্ত তিন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে রবীন্দ্র কাছারিবাড়ি ও অডিটোরিয়ামে আলোকসজ্জা ও প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৮৪০ সালে রবীন্দ্রনাথের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এই জমিদারি ক্রয় করেন। পরবর্তীতে ১৮৯০ থেকে ১৮৯৭ সাল পর্যন্ত জমিদারি তদারকির প্রয়োজনে রবীন্দ্রনাথ নিয়মিত শাহজাদপুরে অবস্থান করতেন। এখানে অবস্থানকালেই তিনি ‘সোনার তরী’, ‘চিত্রা’, ‘পোস্টমাস্টার’ ও ‘ছুটি’র মতো বিশ্বখ্যাত সাহিত্যকর্ম রচনা করেন।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন জানান, জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মূল অনুষ্ঠানের পাশাপাশি রবীন্দ্র মেলার আয়োজন করা হয়েছে। দেশ-বিদেশ থেকে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পুরো এলাকা সিসি ক্যামেরা নজরদারির আওতায় আনা হয়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে। কবির স্মৃতিবিজড়িত কাছারিবাড়িতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি দর্শনার্থীদের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।

0 Comments