বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত ‘স্মার্ট কারে’ চড়ে তাকে উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ওয়াকিমুলের তৈরি ছোট এই বাহনটি পর্যবেক্ষণ করেন এবং পরে প্রধানমন্ত্রীকে নিয়ে গাড়িটি চালিয়ে দেখান ওয়াকিমুল। ব্যাটারিচালিত এই বিশেষ যানের নাম দেওয়া হয়েছে ‘এ টু আই স্মার্ট কার’।
দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এমন উদ্ভাবনের জন্য ১৭ বছর বয়সী এই তরুণের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি কম খরচে আরও আধুনিক ও সহজলভ্য স্মার্ট কার তৈরির পরামর্শ দেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে ওয়াকিমুল প্রধানমন্ত্রীকে তার এই উদ্ভাবনের পেছনের গল্প শোনান।
যশোরের চৌগাছা সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ওয়াকিমুল জানান, নিজের চলাফেরার সুবিধার্থেই তিনি এই গাড়ি তৈরির উদ্যোগ নেন। তিনি আরও জানান, প্রয়োজনীয় সহযোগিতা পেলে এটি আরও উন্নত করা সম্ভব, যা বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য অত্যন্ত সহায়ক হবে।
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেস) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল জানান, গাড়িটি বৈদ্যুতিক চার্জে ৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত স্মার্ট কারে চড়ে তাকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই পরিবেশবান্ধব বাহনটি দেখতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান ওয়াকিমুল।

0 Comments