ময়মনসিংহের ফুলপুরে সংশ্লিষ্ট ব্যক্তিদের না জানিয়ে রাতের আঁধারে তড়িঘড়ি করে খাল খনন কর্মসূচি উদ্বোধন করে চরম সমালোচনার মুখে পড়েছেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মুফতি মুহাম্মদউল্লাহ। বৃহস্পতিবার রাত আটটার দিকে স্থানীয় প্রশাসনের কয়েকজন কর্মকর্তাকে নিয়ে তিনি উপজেলার ‘জারুল খাল’ খনন কর্মসূচির উদ্বোধন করেন।
জানা গেছে, আগামী ১২ মে একজন মন্ত্রীর উপস্থিতিতে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা ছিল। তবে তার পাঁচ দিন আগেই লোকচক্ষুর অন্তরালে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করায় স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ নিয়ে ব্যাপক সমালোচনা করছেন।
স্থানীয় সূত্রমতে, জারুল খাল খনন নিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। কিন্তু সেই কৃতিত্ব নিজের নিতেই সংসদ সদস্য গোপনে এই কাজ সেরেছেন বলে অভিযোগ উঠেছে। উদ্বোধনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছুটিতে ছিলেন এবং স্থানীয় সাংবাদিকদেরও বিষয়টি জানানো হয়নি। এমনকি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এলাকার প্রভাবশালী দল বিএনপি কিংবা সংসদ সদস্যের নিজ জোটের শরীক দল জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদেরও কোনো তথ্য দেওয়া হয়নি।
স্থানীয় রাজনৈতিক নেতাদের দাবি, সংসদ সদস্য প্রশাসনিক ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ রাজনীতিবিদ বলেন, দিনের আলোয় কর্মসূচি উদ্বোধন না করে রাতের আঁধারে করা দায়িত্বশীলতার লঙ্ঘন। এর আগেও তারাকান্দায় একটি সরকারি কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংসদ সদস্যের অনভিপ্রেত ঘটনার রেশ এখনো কাটেনি। তার মধ্যেই নতুন এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য সংসদ সদস্য মুফতি মুহাম্মদউল্লাহর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ময়মনসিংহের ফুলপুরে মন্ত্রীর বদলে রাতের আঁধারে খাল খনন কর্মসূচি উদ্বোধন করে সমালোচনার মুখে পড়েছেন এমপি মুফতি মুহাম্মদউল্লাহ। রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এই ঘটনায় স্থানীয় মহলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

0 Comments