হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১৮টি চা-বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৭৫০টি শ্রমিক পরিবারের মাঝে ছাগলসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে তাদের আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে বুধবার চানপুর চা-বাগানে এসব সামগ্রী বিতরণ করা হয়। চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের ঐকান্তিক প্রচেষ্টায় অবহেলিত চা-শ্রমিকদের উন্নয়নে সরকার কাজ শুরু করেছে। চা-শ্রমিকদের শিক্ষা, সুপেয় পানি, স্বাস্থ্যসেবা ও ভূমির অধিকার নিশ্চিতে তিনি জাতীয় সংসদেও দাবি তুলে ধরেছেন। এছাড়া চা-শ্রমিকদের উন্নত চিকিৎসার জন্য চানপুর চা-বাগানে একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপনের প্রস্তাব প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন বলে সভায় জানানো হয়।
শ্রমিক নেতা উজ্জ্বল দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ, হবিগঞ্জ জজ কোর্টের পিপি আব্দুল হাই এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পালসহ আরও অনেকে। সরকারি এই সহায়তা পেয়ে চা-শ্রমিকেরা কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এমন উদ্যোগ তাদের স্বাবলম্বী হতে বিশেষভাবে সাহায্য করবে।
হবিগঞ্জের চুনারুঘাটে ১৮টি চা-বাগানের ৭৫০টি শ্রমিক পরিবারের মাঝে ছাগল ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। জীবনমান উন্নয়নে সরকারের এই মহতী উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চা-শ্রমিকরা।

0 Comments