নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নে ধান কাটা উৎসবের মধ্য দিয়ে প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষক সমিতি। বৃহস্পতিবার উপজেলার টোনা মাঠে কৃষক সমিতির খাশিয়াল ইউনিয়ন শাখার উদ্যোগে তৃতীয়বারের মতো এই ধান কাটা উৎসব অনুষ্ঠিত হয়। ধান কাটার এই কর্মসূচিকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ইউনিয়নের ১৫ জন প্রান্তিক কৃষকের প্রায় ৩০০ শতক জমির পাকা ধান কেটে দেন সংগঠনের কর্মীরা। এই কর্মসূচিতে কৃষক সমিতির প্রায় ৫০ জন নেতা-কর্মী সরাসরি অংশ নেন। সম্মিলিত শ্রমদানের ফলে স্বল্প সময়ে কৃষকদের জমির ধান ঘরে তুলতে সহায়তা করা হয়েছে বলে জানান আয়োজকরা। স্থানীয় কৃষক শিমুল মোল্যা জানান, শ্রম সংকট আর বাড়তি খরচের কারণে তারা সময়মতো ধান কাটতে পারছিলেন না। এমন সময়ে কৃষক সমিতির এই উদ্যোগ তাদের জন্য বড় উপকার নিয়ে এসেছে। আরেক কৃষক তৈয়েবুর রহমান জানান, সরকারি দামের চেয়ে বাজারে ধানের দাম কম হওয়ায় তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সরকার সরাসরি ধান কিনলে কৃষকরা সঠিক দাম পেতেন বলে তিনি উল্লেখ করেন। কৃষক সমিতির নড়াইল জেলা কমিটির নেতা ও খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরকত উল্লাহ বলেন, প্রান্তিক কৃষকদের সহযোগিতা করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। কৃষকের পাশে থেকে উৎপাদন কার্যক্রম সচল রাখতে নিয়মিত এমন সামাজিক ও সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণ করা হয় এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। কালিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম এই স্বেচ্ছাশ্রমভিত্তিক উদ্যোগকে প্রশংসনীয় ও সময়োপযোগী বলে অভিহিত করেছেন। তিনি জানান, শ্রম সংকটের এই সময়ে এমন উদ্যোগ কৃষি খাতকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নড়াইলের কালিয়ায় শ্রম সংকট মোকাবিলায় ১৫ জন প্রান্তিক কৃষকের ৩০০ শতক জমির ধান কেটে দিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আয়োজিত এই ধান কাটা উৎসবে অংশ নেন সংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মী।

0 Comments