কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রশ্মি দেখা গেছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাঝআকাশে আলোকময় অগ্নিসদৃশ এই রশ্মি প্রত্যক্ষ করেন অসংখ্য মানুষ। প্রায় ২ মিনিট স্থায়ী এই দৃশ্য সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কক্সবাজার শহরের সৈকতে অবস্থানরত পর্যটকদের পাশাপাশি উখিয়া, টেকনাফ, ঈদগাঁওসহ বিভিন্ন উপজেলার বাসিন্দারাও এই রহস্যময় বস্তু ও আলোর ঝলকানি দেখেছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, আকাশসীমায় রকেটের মতো কোনো বস্তু থেকে আলো ছড়াতে দেখা গেছে। এই রহস্যময় আলোর বিষয়ে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, এটি আবহাওয়া সংক্রান্ত কোনো ঘটনা নয়। ভারতের জলসীমায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে আকাশে এমন দৃশ্যের অবতারণা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, বঙ্গোপসাগরে ভারত তাদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৬ এর পরীক্ষা চালাতে পারে বলে সম্প্রতি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের আকাশসীমায় এ সংক্রান্ত বিধিনিষেধ ও নোটাম জারি করেছে দেশটি। ধারণা করা হচ্ছে, সেই ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিফলনই কক্সবাজারের আকাশে দেখা গেছে।
কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রশ্মি দেখা গেছে। শুক্রবার সন্ধ্যায় জেলার বিভিন্ন স্থানে দেখা যাওয়া এই দৃশ্য নিয়ে মানুষের মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস বলছে এটি ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রভাব হতে পারে।

0 Comments