এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৪ দশমিক ১৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। রোববার (১০ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চ ও এপ্রিল মাসের জন্য ১ হাজার ৫১৪ দশমিক ৯৪ মিলিয়ন বা ১ দশমিক ৫১ বিলিয়ন ডলারের আকু বিল পরিশোধ করা হয়েছে। এর ফলে ১০ মে পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ১৪০ দশমিক ০২ মিলিয়ন বা ৩৪ দশমিক ১৪ বিলিয়ন ডলার।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী, বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৭৯ দশমিক ২৭ মিলিয়ন বা ২৯ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলার। এর আগে গত ৭ মে পর্যন্ত দেশের মোট রিজার্ভ ছিল ৩৫ হাজার ৬১৬ দশমিক ৬৯ মিলিয়ন বা ৩৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী তা ছিল ৩০ হাজার ৯৬০ দশমিক ০৪ মিলিয়ন বা ৩০ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, আকু হলো এশিয়ার ৯টি দেশের মধ্যকার একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপের মধ্যকার আমদানি-রপ্তানি বিল প্রতি দুই মাস অন্তর পরিশোধ করা হয়। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সদর দপ্তর ইরানের তেহরানে অবস্থিত।
আকুর ১.৫১ বিলিয়ন ডলারের আমদানি বিল পরিশোধের পর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৪.১৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ এখন ২৯.৪৭ বিলিয়ন ডলার।

0 Comments