Recents in Beach

ব্রেকিং নিউজ

অবৈধ দখলে থাকা সরকারি খাস জমি যেকোনো মূল্যে উদ্ধারে প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর নির্দেশ

অবৈধ দখলে থাকা সরকারি খাস জমি যেকোনো মূল্যে উদ্ধারে প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর নির্দেশ

দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা সরকারি খাস জমি যেকোনো মূল্যে উদ্ধার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব জমি দ্রুততম সময়ের মধ্যে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি। মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে ‘ভূমি সেবা মেলা-২০২৬’ উপলক্ষ্যে বিভিন্ন স্টল পরিদর্শনকালে ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমকে এ নির্দেশনা দেন সরকার প্রধান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি খাস জমি উদ্ধারে ঢাকা জেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের আপস না করার কঠোর বার্তা দেন। সম্প্রতি রাজধানীর লালবাগ এলাকায় দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে অবৈধ দখলে থাকা প্রায় এক একর খাস জমি পুনরুদ্ধারে জেলা প্রশাসকের অভিযানের সাহসিকতা ও দ্রুত বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানান, প্রভাবশালী কিংবা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যারা সরকারি জমি দখল করে আছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের সেবা সহজীকরণে ‘হ্যালো ডিসি’ নামক জরুরি সেবা চালুর কথা জানান জেলা প্রশাসক ফরিদা খানম। প্রধানমন্ত্রী এই উদ্যোগের প্রশংসা করেন এবং নাগরিক সেবা সহজ করার প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। এর আগে গত ১৩ মে লালবাগে অবৈধ স্থাপনা উচ্ছেদে এক ঐতিহাসিক অভিযান পরিচালনা করে ঢাকা জেলা প্রশাসন। উদ্ধার হওয়া এই মূল্যবান জমিটি ভবিষ্যতে জনকল্যাণমূলক প্রকল্প ও সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে ব্যবহার করা হবে বলে জানা গেছে।

এদিকে ‘ভূমি সেবা মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ৪৭টি চেকের মাধ্যমে ৮৮ জন ব্যক্তির মধ্যে মোট ৩৬ কোটি ৬৭ লাখ ৭৮ হাজার ৫১৭ টাকার ভূমি অধিগ্রহণ ক্ষতিপূরণ বিতরণ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, সারাদেশে ই-নামজারি আবেদন ও নিষ্পত্তিতে শীর্ষে রয়েছে ঢাকা জেলা। গত ৩০ দিনে ঢাকা জেলায় প্রায় ৩০ হাজার আবেদনের বিপরীতে ২৩ হাজার ৬৩টি আবেদন নিষ্পত্তি হয়েছে। এসব আবেদন নিষ্পত্তিতে গড়ে ১৯ দিন সময় লেগেছে, যা ভূমি মন্ত্রণালয় নির্ধারিত ২৮ দিনের তুলনায় অনেক কম।

সংক্ষেপে:
অবৈধ দখলে থাকা সরকারি খাস জমি যেকোনো মূল্যে উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রভাবশালী দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং নাগরিক সেবা সহজ করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

Post a Comment

0 Comments