মহান মে দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য গণসংগীতের আসর ও আলোচনা সভার আয়োজন করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। পহেলা মে বিকেলে শহরের সাধারণ পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি, নাচ ও আলোচনা সভার মাধ্যমে শ্রমিকদের অধিকারের কথা তুলে ধরা হয়।
চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি মাসরুফা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। সহ-সভাপতি ফারাহ উলফাৎ রহমানের সঞ্চালনায় দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন চিকিৎসক আবু রাকিব। বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ের ফসল মহান মে দিবস হলেও আজও তাদের অধিকার পুরোপুরি সুপ্রতিষ্ঠিত হয়নি। দেশ উন্নয়নের পথে থাকলেও অনেক শ্রমিককে এখনো কাজের সন্ধানে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। মজুরি বৈষম্য ও বেতন-বোনাসের দাবিতে আন্দোলনের চিত্র তুলে ধরে তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ছাড়া মে দিবসের সফলতা সম্ভব নয়।
আলোচনা শেষে ওস্তাদ আলী হোসেনের নেতৃত্বে গণসংগীত পরিবেশন করেন বন্ধুসভার সদস্যরা। এছাড়া অনুষ্ঠানে লালন গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠানে বন্ধুসভার উপদেষ্টা, কার্যনির্বাহী সদস্যসহ স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
মহান মে দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে গণসংগীতের আসর ও আলোচনা সভা করেছে বন্ধুসভা। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও মজুরি বৈষম্য দূর করার আহ্বানে মুখর ছিল এই আয়োজন।

0 Comments