হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের ব্যর্থতা অনুসন্ধানে একটি ইনকোয়ারি কমিশন কেন গঠন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের এই রুলে কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। তিনি জানান, দেশে হামের প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুর ঘটনায় রাষ্ট্রীয় ব্যর্থতা এবং দায়ীদের চিহ্নিত করতে এই কমিশন গঠনের বিষয়ে রুল দেওয়া হয়েছে। এর আগে গত ১৭ মে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি দায়ের করেন। রিটে হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে দেওয়ার অভিযোগ তুলে তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়। এছাড়া তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশনাও চাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল এই বিষয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। রিটকারীর দাবি অনুযায়ী, বিলুপ্তপ্রায় রোগ হাম আবারও মারাত্মক আকারে ছড়িয়ে পড়ায় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অসংখ্য মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই পরিস্থিতিতে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যর্থতা ও টিকাদান কর্মসূচিতে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানানো হয়।
হামের প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুর ঘটনায় সংশ্লিষ্টদের ব্যর্থতা অনুসন্ধানে ইনকোয়ারি কমিশন কেন গঠন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞার আর্জিও জানানো হয়েছে।

0 Comments