আগামী পাঁচ বছরের মধ্যে সরকারি বিভিন্ন দপ্তরের ৫ লাখ শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (১৯ মে) সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এই তথ্য জানান। তিনি জানান, নির্বাচনি ইশতেহার অনুযায়ী সব মন্ত্রণালয় ও বিভাগের শূন্য পদ পূরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় একটি সময়ভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য ও পরিকল্পনা পাঠাতে ইতোমধ্যে সংশ্লিষ্ট সব বিভাগকে চিঠি দেওয়া হয়েছে।
জ্বালানি খাতের অগ্রগতি তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, সরকারের কার্যকর ও সমন্বিত উদ্যোগের ফলে দেশে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে। জ্বালানি সরবরাহে শৃঙ্খলা আনতে ইতোমধ্যে ফুয়েল কার্ড চালু করা হয়েছে। বর্তমানে সারাদেশে ৩ লাখ ৮৭ হাজার ২১১টি যানবাহন ফুয়েল পাস সিস্টেমের আওতায় নিবন্ধিত হয়েছে এবং ২২৩টি ফিলিং স্টেশনে এই কার্যক্রম চলছে। এছাড়া ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়াতে দ্বিতীয় ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার আন্তর্জাতিক দরপত্র আগামী মাসে আহ্বান করা হবে এবং ২০২৯ সালে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।
পরিবেশ রক্ষায় সরকার বৈদ্যুতিক বাস আমদানিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে শুল্কমুক্ত সুবিধায় এসব বাস আনতে পারে, সেই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে যানজট ও দূষণ উল্লেখযোগ্য হারে কমবে। গণপরিবহনের ক্ষেত্রেও কত সিটের বাস শুল্কমুক্ত সুবিধায় আনা যাবে, সেই বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে তিনি জানান।
আগামী ৫ বছরে ৫ লাখ সরকারি পদে নিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে শুল্কমুক্ত বৈদ্যুতিক বাস ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ কর্মপরিকল্পনা।

0 Comments