যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। আজ শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃষ্টির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে।
পররাষ্ট্র সচিব বলেন, এটি একটি অত্যন্ত করুণ ও হৃদয়বিদারক ঘটনা। সরকার বৃষ্টির পরিবারের শোক উপলব্ধি করছে। এ ঘটনায় মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং ফ্লোরিডার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ও বিচারপ্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে সক্রিয় ভূমিকা পালন করছে।
এর আগে, সকাল ৯টা ১০ মিনিটে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করতে তার বাবা-মা ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। পররাষ্ট্র সচিব বৃষ্টির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সরকার আশা প্রকাশ করেছে যে, বৃষ্টির পরিবার এই হত্যাকাণ্ডের সঠিক ও সুষ্ঠু বিচার পাবে।
যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের সময় পররাষ্ট্র সচিব জানান, সুষ্ঠু বিচার নিশ্চিতে মার্কিন প্রশাসনের সাথে যোগাযোগ রাখছে সরকার।

0 Comments