আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য প্রস্তুত করা আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আর কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় বিরল প্রজাতির এই প্রাণীটিকে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার বিকেলে কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর এলাকা থেকে মহিষটিকে উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
মহিষটির মালিক মনিরুজ্জামান জানান, বিকেলে পুলিশ এসে জানায় ওপরের নির্দেশ অনুযায়ী মহিষটি কোরবানি করা যাবে না। সরকারের পক্ষ থেকে মহিষটির বিনিময়ে ন্যায্য মূল্য অথবা কোরবানির জন্য বিকল্প গরু দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তিনি আরও জানান, কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তিনি সরকারি সিদ্ধান্ত মেনে নিয়ে মহিষটি হস্তান্তর করেছেন।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুছ জানান, এটি একটি বিরল প্রজাতির প্রাণী। তাই সরকারি সিদ্ধান্তে মহিষটিকে মালিকের কাছ থেকে থানায় আনা হয়েছে। পরবর্তীতে এটি প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, বিরল এই অ্যালবিনো মহিষটির গায়ের রং এবং চোখের গড়ন অনেকটা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় এর নাম রাখা হয়েছিল ‘ট্রাম্প’। আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি ও রয়টার্সসহ বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর মহিষটি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পায়। মহিষটিকে একনজর দেখতে মনিরুজ্জামানের বাড়িতে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ভিড় করছিলেন।
আসন্ন ঈদুল আজহায় কোরবানি হচ্ছে না বিশ্বজুড়ে আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্প। বিরল প্রজাতির এই প্রাণীটিকে সরকারি নির্দেশনায় কেরানীগঞ্জ থানা হেফাজতে নেওয়া হয়েছে।

0 Comments