নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সংকট নিরসনে সুবলের খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ঋষিবাড়ি থেকে প্রধান সড়ক অভিমুখী এই খালের পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, জনগণের দৈনন্দিন সমস্যার বাস্তব সমাধান ও কৃষি নির্ভর অর্থনীতিকে টেকসই করতেই এই উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হতো, যা কৃষিজমির ব্যাপক ক্ষতি করত। খালের ৫৮০ মিটার পুনঃখনন সম্পন্ন হলে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩০ লাখ ১৬ হাজার ৮৭২ টাকা। অনুষ্ঠানে নড়াইল জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান আলেক, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলামসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয়দের প্রত্যাশা, এই প্রকল্পের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে।
নড়াইলের কালিয়ায় জলাবদ্ধতা নিরসন ও কৃষি রক্ষায় সুবলের খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম। ৩০ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে।

0 Comments