সরকার গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী যেহেতু মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি দিয়েছেন, তাই সরকার স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। তবে স্বাধীনতা ও দায়িত্বশীলতার মধ্যে সমন্বয় বজায় রাখাটাই এখনকার প্রধান চ্যালেঞ্জ।
সেমিনারে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া একসময় স্থবির হয়ে গিয়েছিল। একটি রক্তাক্ত পরিস্থিতির মধ্য দিয়ে রাষ্ট্রকে নতুন করে রিস্টার্ট করা হয়েছে। জনগণ অবাধ ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে দায়িত্ব দিয়েছে। তিনি আরও বলেন, ২০০৪ সালে গণমাধ্যমকে শিল্প হিসেবে ঘোষণা করা হয়েছে। সাংবাদিকদের মেধা ও শ্রমের ওপর ভিত্তি করেই বিনিয়োগকারীরা ব্যবসা করেন, তাই সাংবাদিকদের বেতন ও সম্মানজনক জীবন নিশ্চিত করা জরুরি।
বিএফইউজে ও ডিইউজে আয়োজিত এই সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা আবদাল আহমদ। তিনি অপতথ্য বা গুজব রোধে তথ্য যাচাই, ব্যক্তিগত সচেতনতা এবং প্রযুক্তিগত সতর্কতার ওপর জোর দেন। বিশেষ করে মিডিয়া হাউসগুলোতে নিজস্ব ফ্যাক্ট চেকিং বিভাগ থাকা এবং সাংবাদিকদের জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকরা বক্তব্য দেন।
স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় সরকারের প্রতিশ্রুতির কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। অপতথ্য রোধ ও সাংবাদিকদের মর্যাদা রক্ষায় গুরুত্ব দিয়ে তিনি পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানান।

0 Comments