‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বর্তমান বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে সংবাদকর্মীদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় জেলা তথ্য অফিস এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়। সভায় লিখিত বক্তব্যে জানানো হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ার যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সরকার কাজ করছে।
বর্তমান সরকার ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে ৫টি অধ্যায়ে ৫১ দফা পরিকল্পনা ঘোষণা করেছে। এর মূল লক্ষ্য হলো একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং আগামী ৫ বছরের মধ্যে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা। ইশতেহারে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, ভঙ্গুর অর্থনীতির পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং ধর্মীয় ও সাংস্কৃতিক সংহতির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থার মতো কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া স্বাস্থ্যসেবায় নতুন নিয়োগ এবং ক্রীড়া ক্ষেত্রে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি চালু করা হয়েছে। সরকারের এসব উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণকর উদ্যোগগুলো গণমাধ্যমে সঠিকভাবে তুলে ধরার জন্য সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলা তথ্য অফিসের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৫১ দফা পরিকল্পনার মাধ্যমে কল্যাণমুখী রাষ্ট্র ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে সংবাদকর্মীদের সহযোগিতা চাওয়া হয়।

0 Comments