লেবাননে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান ও বিমান হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন স্থানে চালানো এই হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
শনিবার (১০ মে) দক্ষিণ লেবাননের সাকসাকিয়েহ শহরসহ বেশ কিছু জনপদে ভয়াবহ বোমাবর্ষণ করে ইসরায়েলি বিমান বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা এখন ইসরায়েলি বাহিনীর মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাত ও হামলায় দেশটিতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২ হাজার ৭০০ ছাড়িয়েছে।
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) দাবি করেছে, তারা ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ও সদস্যদের লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করছে। একটি সামরিক স্থাপনা থেকে কার্যক্রম চালানো হিজবুল্লাহ সদস্যদের ওপর আঘাত হানার দাবি করলেও বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির বিষয়ে দায়সারা মন্তব্য করেছে আইডিএফ।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিয়েছিলেন। তবে এক মাস পার হতে চললেও বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে অব্যাহত পাল্টাপাল্টি গুলিবর্ষণ ও সংঘাতে সাধারণ মানুষের জীবন চরম ঝুঁকির মুখে পড়েছে।
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা সত্ত্বেও থামছে না সংঘাত। দক্ষিণ লেবাননে অব্যাহত বোমাবর্ষণে নিহতের সংখ্যা ২ হাজার ৭০০ ছাড়িয়েছে।

0 Comments