উপকূলীয় অঞ্চলে ব্যক্তিগত উদ্যোগে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদান রাখায় জাকির হোসেন মুন্সি ওরফে টাইগার জাকিরকে ‘সবুজ সাথী সম্মাননা’ প্রদান করা হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল ১১টায় পাথরঘাটা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক পরিবেশ সমাবেশে তার হাতে এই সম্মাননা তুলে দেন আয়োজকরা। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর আয়োজনে এবং পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের বাস্তবায়নে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি জাকির হোসেন এ পর্যন্ত প্রায় দুই হাজার অজগর সাপ উদ্ধার করে নিরাপদ পরিবেশে অবমুক্ত করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বনাঞ্চল ও লোকালয় থেকে বিপদগ্রস্ত বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার, চিকিৎসা এবং বনবিভাগের সহযোগিতায় অবমুক্ত করার কাজ করে আসছেন। তার এই সাহসী ও অনুকরণীয় ভূমিকার কারণে তিনি এলাকায় ‘টাইগার জাকির’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।
পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে এবং উপকূল অনুসন্ধানী সাংবাদিক শফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, মাওলানা মনিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বন্যপ্রাণী রক্ষা ও পরিবেশ সচেতনতা তৈরিতে টাইগার জাকিরের ভূমিকার প্রশংসা করেন।
সম্মাননা গ্রহণ শেষে টাইগার জাকির বলেন, এ পর্যন্ত আমি দুই হাজারের বেশি অজগর উদ্ধার করেছি এবং বন উজাড় ও বন্যপ্রাণী নিধনের প্রতিবাদ করে আসছি। এই সম্মাননা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন এবং এটি আমার কাজকে আরও বেগবান করতে অনুপ্রেরণা জোগাবে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় ভবিষ্যতেও বন্যপ্রাণী রক্ষায় কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
বন্যপ্রাণী সংরক্ষণে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে সবুজ সাথী সম্মাননা পেলেন টাইগার জাকির। ২ হাজারের বেশি অজগর উদ্ধারকারী এই সাহসী যোদ্ধাকে পাথরঘাটায় এক অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করা হয়।

0 Comments