অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মধ্যপ্রদেশের জবলপুর থেকে মুম্বাই পাড়ি জমানো তরুণী শালিনী পান্ডে এখন বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করছেন। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে বলিউডেও নিয়মিত কাজ করছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী তার ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বপ্নের কথা জানিয়েছেন।
শালিনী জানান, তিনি এখন অ্যাকশন ও অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমায় কাজ করতে আগ্রহী। যেখানে শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই নিজেকে চ্যালেঞ্জ করা যায়। এ বছর 'রাহু কেতু' ছবি এবং 'ব্যান্ডওয়ালে' সিরিজে তাকে দেখা গেছে। বর্তমানে আরও দুটি নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
ক্যারিয়ারের অনুপ্রেরণা হিসেবে শালিনী রণবীর সিং ও হৃতিক রোশনের নাম উল্লেখ করেন। এর আগে 'জয়েশভাই জোরদার' ছবিতে রণবীরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে দারুণ বলে অভিহিত করেন তিনি। তবে ভবিষ্যতে হৃতিক রোশনের সঙ্গে স্ক্রিন শেয়ার করার প্রবল ইচ্ছা রয়েছে তার।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও মানসিক স্বাস্থ্য নিয়েও কথা বলেন শালিনী। তিনি জানান, শুটিংয়ের বাইরে নিজের পোষা দুই কুকুরের সঙ্গে সময় কাটাতে সবচেয়ে বেশি ভালোবাসেন। এমনকি অভিনেত্রী না হলে তিনি একজন 'ডগ ওয়াকার' হতেন বলেও মজা করে জানান। এছাড়া নিয়মিত মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন এই তারকা।
অর্জুন রেড্ডি খ্যাত শালিনী পান্ডে এবার অ্যাকশন সিনেমায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন। রণবীর সিংয়ের পর এবার হৃতিক রোশনের সঙ্গে কাজ করতে চান এই অভিনেত্রী। ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

0 Comments