“লাল সবুজের বাংলাদেশে—শিশুর জীবন উঠুক হেসে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের রামুতে জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কোমলমতি খেলাঘর আসরের উদ্যোগে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়। এছাড়া শিশুদের নিয়ে আড্ডা, প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। কোমলমতি খেলাঘর আসরের সভাপতি সনজীব শর্মার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজীব বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না। প্রধান আলোচক ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন।
আয়োজকরা জানান, ১৯৫২ সালের ২ মে প্রতিষ্ঠিত হওয়া খেলাঘরের মূল লক্ষ্য হলো শিশুদের অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা। শিল্প, সাহিত্য ও বিজ্ঞান চর্চার মাধ্যমে শিশুদের মাঝে শৃঙ্খলা, বন্ধুত্ব ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার মোহাম্মদ আলম, সাবেক ইউপি সদস্য গোলাম কবির, ছাইমং চাক, শাহাজাদী রোমেনা, নিউটন বড়ুয়া, মিটুন দত্ত, প্রীতম বড়ুয়া অর্থ ও সোমা চৌধুরী। উৎসবমুখর এই আয়োজনে শিশু-কিশোরদের পাশাপাশি অভিভাবক ও সংগঠকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কক্সবাজারের রামুতে আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। গান, নাচ, আবৃত্তি ও কেক কাটার মধ্য দিয়ে শিশুদের অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তোলার আহ্বান জানানো হয়।

0 Comments