Recents in Beach

ব্রেকিং নিউজ

বরিশালের বাবুগঞ্জে রাশেদ খান মেননের নিঃশর্ত মুক্তির দাবিতে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বরিশালের বাবুগঞ্জে রাশেদ খান মেননের নিঃশর্ত মুক্তির দাবিতে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে সকালে জেলা ওয়ার্কার্স পার্টির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য ও সাবেক সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহ। সভাটি পরিচালনা করেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শেখ মো. টিপু সুলতান।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা লুৎফুল্লাহ বলেন, রাশেদ খান মেনন ১৯৬২ সালের ছাত্র আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সামনের সারির যোদ্ধা ছিলেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি আজীবন সংগ্রাম করেছেন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আরও বলেন, জীবনের শেষ প্রান্তে এসে মেননের বিরুদ্ধে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের প্রগতিশীল রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে রাজনৈতিক প্রতিহিংসা থেকে এসব মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহার করে রাশেদ খান মেননের নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।

সংক্ষেপে:
বরিশালের বাবুগঞ্জে সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ওয়ার্কার্স পার্টি। মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।

Post a Comment

0 Comments