তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, চলচ্চিত্র একটি জাতির সংস্কৃতি, ইতিহাস ও সমাজজীবনের প্রতিচ্ছবি। রবিবার (১৭ মে) ঢাকায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের অডিও-ভিজ্যুয়াল ঐতিহ্য রক্ষায় এই আর্কাইভের কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করা হবে। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে অত্যন্ত আন্তরিক এবং চলচ্চিত্র সংরক্ষণ, ডিজিটাইজেশন ও গবেষণায় প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে।
ভবিষ্যৎ প্রজন্মের কাছে চলচ্চিত্রের ইতিহাস সঠিকভাবে পৌঁছে দিতে ফিল্ম আর্কাইভকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এবং তথ্য সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও গবেষকরাও অংশ নেন।
চলচ্চিত্রের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে আরও আধুনিক ও যুগোপযোগী করার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রতিষ্ঠানের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

0 Comments