আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সপ্তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি কার্যকর থাকবে। তবে এর আগে ২৩ ও ২৪ মে ২০২৬ তারিখে অফিস খোলা থাকবে। একই বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা-২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। এই নীতিমালার মূল লক্ষ্য হলো সারাদেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট নিশ্চিত করা এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যবহারবান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে, ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পে নারীদের জন্য পৃথক টয়লেট এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য সেফটি ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক করা হয়েছে। জলাশয় বা নদী দূষণ রোধে বর্জ্য সরাসরি ফেলা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করবে। সড়ক ও মহাসড়কের উপযুক্ত স্থানে নারী ও পুরুষের জন্য আলাদা টয়লেট স্থাপনের বিষয়েও সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
ঈদুল আজহায় টানা সাত দিনের লম্বা ছুটি ঘোষণা করেছে মন্ত্রিসভা। আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে। এছাড়া বৈঠকে জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

0 Comments