আগামী পাঁচ বছরের মধ্যে দেশে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির। শনিবার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুরে বিসিক শিল্প নগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, দেশের বুনিয়াদ হলো ক্ষুদ্র ও কুটির শিল্প। এই খাতের উন্নয়ন সামাজিক বৈষম্য কমাতে সহায়ক হবে, যার জন্য সরকার প্রয়োজনীয় বিনিয়োগের ব্যবস্থা করবে। কৃষি জমি রক্ষা করে শিল্পের প্রসারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নীলফামারী অঞ্চলে কৃষি প্রক্রিয়াজাতকরণ ও লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের যে বিপুল সম্ভাবনা রয়েছে, তার পরিপূর্ণ সদ্ব্যবহার করতে চায় সরকার। এজন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। বেকার সমস্যা সমাধানকে সরকারের প্রধান অগ্রাধিকার উল্লেখ করে তিনি আরও জানান, উদ্যোক্তাদের উৎসাহিত করতে নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং রাষ্ট্রায়ত্ত বন্ধ কলকারখানাগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। সৈয়দপুর বিসিক শিল্পনগরী পরিদর্শনের সময় নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিল্প মালিকেরা উপস্থিত ছিলেন।
আগামী ৫ বছরে ২ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির। নীলফামারীর সৈয়দপুরে বিসিক শিল্প নগরী পরিদর্শনকালে তিনি সরকারের এই বৃহৎ পরিকল্পনার কথা জানান।

0 Comments