সিবি ডেক্স: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় ইউসিবি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মো. দিদারুল আলম (৫০) পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের বাসিন্দা এবং চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে পাইকারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় আবু তৈয়ব (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিদারুল আলম ও আবু তৈয়বের মধ্যে দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। কয়েক বছর আগে তৈয়ব দিদারের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেন। সেই সূত্রে তাদের মধ্যে দেনা-পাওনা নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং বিষয়টি নিয়ে একাধিকবার সালিস বৈঠকও হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় দিদারুল আলম নিজ গ্রামের বাড়ি থেকে নগরীর বাসায় ফেরার পথে মইজ্জ্যারটেক এলাকায় আগে থেকে ওঁত পেতে থাকা আবু তৈয়ব তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টা ২০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ সময় উপস্থিত জনতা হামলাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
নিহতের স্বজনদের দাবি, পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তবে পুলিশের প্রাথমিক ধারণা, আর্থিক বিরোধের জেরে হাতাহাতির সময় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে দিদারুল আলমের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
0 Comments