Recents in Beach

ব্রেকিং নিউজ

আত্মগোপন শেষে প্রকাশ্যে এসে আওয়ামী লীগ নেতা সোহরাবের পদত্যাগ

সিবি ডেক্স: দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব প্রকাশ্যে এসে দল ও পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

জানা যায়, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান সোহরাব। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে তার পদত্যাগের বিষয়টি জানান।

সংবাদ সম্মেলনে তিনি শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেন। তবে স্থানীয়দের দাবি, মূলত বিভিন্ন মামলার চাপ এড়াতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

স্থানীয় রাজনৈতিক মহলে আরও আলোচনা রয়েছে যে, তিনি আবার বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন এবং নিজের অবস্থান সুদৃঢ় করার কৌশল হিসেবে দল পরিবর্তনের পথে হাঁটছেন। অতীতে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া এবং বর্তমানে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালে আদিতমারী উপজেলা বিএনপির সহসভাপতি নির্বাচিত হয়ে ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন আব্দুস সোহরাব। পরবর্তীতে ২০১৫ সালে লালমনিরহাট-২ আসনের তৎকালীন এমপি ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের মাধ্যমে আওয়ামী লীগে যোগ দেন।

এরপর তিনি জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জেলা পরিষদের সদস্য পদ ছেড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে সাপ্টিবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।

Post a Comment

0 Comments