সিবি ডেক্স: চট্টগ্রামের হাটহাজারীতে মাত্র দুই মাস বয়সী নিজের সন্তানকে আছাড় মেরে হত্যার এক লোমহর্ষক অভিযোগ উঠেছে জন্মদাতা বাবার বিরুদ্ধে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুরাদপুর গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম সাফরিনা জান্নাত মাহিরা। অভিযুক্ত বাবা ওসমান গণি ওই গ্রামের কামাল উদ্দিনের ছেলে এবং পেশায় একজন রঙ মিস্ত্রি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ওসমান গণি স্ত্রী সুমাইয়া আক্তারের কাছে চা খেতে চান। ওই সময় বাচ্চার রাতে না ঘুমানোকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওসমান তার স্ত্রীর কোল থেকে শিশু মাহিরাকে কেড়ে নিয়ে পরপর দুবার মাটিতে সজোরে আছাড় দেন। এতে শিশুটি গুরুতর জখম হয়ে নিস্তেজ হয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. এস এম মেজবাহ উল করিম শিশুটিকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠিয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, ঘটনার পর থেকে ঘাতক বাবা ওসমান গণি পলাতক থাকলেও জিজ্ঞাসাবাদের জন্য তার চাচা রুম্মানকে আটক করা হয়েছে। এই বর্বরোচিত ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
0 Comments