রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত টিটন আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক এবং ২০০১ সালে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকার ২ নম্বরে ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। খুব কাছ থেকে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ৫-৬টি গুলি করে দ্রুত পালিয়ে যায় তারা। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২৭ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের ধারণা, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এর আগে গত বছরের নভেম্বরে পুরান ঢাকায় আরেক শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈফ মামুন খুনের ঘটনায় টিটনের ভগ্নিপতি ইমনের সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছিল।
খন্দকার নাঈম আহমেদ টিটন নব্বইয়ের দশকের শুরুতে অপরাধ জগতে প্রবেশ করেন। তার বিরুদ্ধে ব্যবসায়ী বাবর এলাহী হত্যাসহ একাধিক মামলা রয়েছে। বাবর এলাহী হত্যা মামলায় ২০১৪ সালে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। তবে দীর্ঘ কারাভোগের পর ২০২৪ সালের ১২ আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি।
রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, শীর্ষ সন্ত্রাসীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
সূত্র: প্রথম আলো

0 Comments