জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা চলাকালে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের বক্তব্যে তুমুল উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হয়েছে। মঙ্গলবার মাগরিবের নামাজের বিরতির পর পার্থ তার বক্তব্যে কিছু গণমাধ্যমের শিরোনাম উদ্ধৃত করে 'জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার ঘোষণা' সংক্রান্ত খবর পড়ে শোনালে বিরোধী দলের সদস্যরা একযোগে হইচই শুরু করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডেপুটি স্পিকার কায়সার কামালকে বারবার হাতুড়ি পিটিয়ে সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানাতে হয়।
বক্তব্যে আন্দালিব রহমান পার্থ বলেন, জিয়া পরিবার বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার ধারক-বাহক। তিনি অভিযোগ করেন, গত ১৬ বছর জিয়া পরিবার থেকে মুক্ত করতে গিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। পার্থ আরও বলেন, জুলাই বিপ্লবকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই এবং আওয়ামী লীগের আমলের দুর্নীতির বিচার না হওয়া পর্যন্ত তাদের রাজনীতিতে ফেরার পথ বন্ধ থাকা উচিত। তিনি বিগত সরকারের সময় বিদ্যুৎ খাতে লাগামহীন দুর্নীতি, বিচার বিভাগ ধ্বংস এবং আমলাতন্ত্রের অনিয়মের তীব্র সমালোচনা করেন।
পার্থের বক্তব্যের জবাবে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, তার নামে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, তিনি কখনোই জিয়া পরিবার বা শেখ হাসিনার পরিবার সম্পর্কে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেননি। পরে পার্থ ব্যাখ্যা দিয়ে জানান, তিনি বিরোধী দলীয় নেতার কথা বলেননি, বরং অন্য এক নেতার বক্তব্যের উদ্ধৃতি দিয়েছেন। এটি একটি ভুল বোঝাবুঝি ছিল বলে তিনি উল্লেখ করেন।
এদিকে আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নূরুল ইসলাম বিএনপির কিছু রাজনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি গণভোটের রায় বাতিলের সিদ্ধান্তকে আত্মঘাতী হিসেবে অভিহিত করেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। সংসদে ও সংসদের বাইরে ঐক্যের পরিবেশ বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

0 Comments