আগামী ৫ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উত্থাপিত হয়।
গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন কর্মসূচি চলমান রয়েছে। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় ২০২৬ সালের জুন মাসের মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় মিলে ১২০৪ কিলোমিটার খাল খনন করবে। এছাড়া আগামী ৫ বছরে নতুন ও চলমান প্রকল্পের মাধ্যমে মোট ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২০২৬ সালের জুন পর্যন্ত কাবিখা, কাবিটা ও টিআর প্রকল্পের মাধ্যমে আরও ১৫০০ কিলোমিটার খাল সংস্কার করবে। গাইবান্ধা জেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, সেখানে বর্তমানে তিনটি খালের পুনঃখনন কাজ চলছে এবং বড় পরিসরে খনন কাজের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ে একটি নতুন প্রকল্প তৈরির কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
আগামী ৫ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি সরকারের এই মহাপরিকল্পনার কথা তুলে ধরেন।
সূত্র: Sangbad

0 Comments