সিবি ডেক্স: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। হাইওয়ে ইম্প্রুভমেন্ট ফেজ-ওয়ানের আওতায় ২৬.২১ কিলোমিটার অংশ চার লেনে প্রশস্তকরণ প্রকল্পের পিপিপি অনুমোদন দেওয়া হয়েছে এবং এর কাজ শিগগিরই শুরু হবে। প্রকল্পটি ২০২৯ সালের মধ্যে সম্পন্ন হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রকল্পের আওতায় ২.৬ কিলোমিটার ফ্লাইওভার নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া অবশিষ্ট প্রায় ৪৮ কিলোমিটার অংশের জন্য সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) চলমান রয়েছে এবং অর্থায়নের বিষয়ে জাইকার সঙ্গে আলোচনা চলছে। পুরো মহাসড়ক চার লেনে উন্নীত করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, মহাসড়কটি দুর্ঘটনাপ্রবণ হওয়ায় বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে ইতোমধ্যে কিছু প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
চট্টগ্রাম-কক্সবাজার ১৫৯ কিলোমিটার দীর্ঘ মহাসড়কটি চার লেনে উন্নীত করার দাবি দীর্ঘদিনের। এ লক্ষ্যে একাধিকবার সমীক্ষা পরিচালিত হয়েছে। এর মধ্যে ২০১৩-২০১৫ সালে একটি সুইডিশ পরামর্শক প্রতিষ্ঠান সমীক্ষা চালিয়ে প্রকল্পটির সম্ভাব্য ব্যয় প্রায় ১০ হাজার কোটি টাকা নির্ধারণ করেছিল।
0 Comments