সাজেকে যৌথ অভিযানে বিপুল চোরাই সেগুন কাঠ জব্দ

সিবি ডেক্স: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনাছড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই সেগুন কাঠ জব্দ করেছে সেনাবাহিনী ও বন বিভাগ।

শনিবার (১১ এপ্রিল) বাঘাইহাট জোন ও বন বিভাগের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, একদল দুষ্কৃতকারী বন বিভাগের সেগুন বাগান থেকে গাছ কেটে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শুকনাছড়া এলাকায় অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় মোট ১৫২.৭১ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়। উদ্ধার করা কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৫২ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জব্দ করা কাঠ বাঘাইহাট বন বিভাগের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য অঞ্চলের বনজ সম্পদ রক্ষা ও কাঠ পাচার প্রতিরোধে বন বিভাগের সঙ্গে সমন্বয়ে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাজেকের দুর্গম এলাকায় সরকারি সম্পদ রক্ষায় যৌথ বাহিনীর এই দ্রুত পদক্ষেপ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।

Post a Comment

0 Comments