ইসরায়েল-যুক্তরাষ্ট্র হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি

সিবি ডেক্স: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) বার্তাসংস্থা তাসনিম, ফার্স নিউজসহ ইরানের সরকারি-বেসরকারি সংবাদমাধ্যমগুলো তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

সরকারি টেলিভিশন চ্যানেল আইআরআইবি জানিয়েছে, “আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ হয়েছেন। ইরানকে সমুন্নত রাখতে এই মহান পণ্ডিত ও যোদ্ধা তার জীবন উৎসর্গ করেছেন।” খামেনির মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ৪০ দিনের শোক ঘোষণা করেছে ইরান।

শনিবার সকালে তার প্রাসাদ লক্ষ্য করে ইসরায়েলি ও মার্কিন বাহিনী হামলা চালায়। পরে রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে খামেনির নিহত হওয়ার কথা জানান। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

প্রথমদিকে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে মৃত্যুর খবর স্বীকার না করলেও রোববার বাংলাদেশ সময় সকালে তেহরান তা নিশ্চিত করে।

শিয়াপন্থি ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে সামরিক, বিচার বিভাগ ও গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রীয় বিভিন্ন খাতে খামেনির প্রভাব ছিল সর্বব্যাপী। মূলত তার নির্দেশনায় রাষ্ট্র পরিচালিত হতো।

১৯৭৯ সালে ইরানের শাহ মুহম্মদ রেজা শাহ পাহলভিকে ক্ষমতাচ্যুত করে যে বিপ্লব সংঘটিত হয়, তার নেতৃত্ব দেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। বিপ্লব-পরবর্তী সময়ে তিনি দেশের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা হন। ১৯৮৯ সালে তার মৃত্যু হলে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Post a Comment

0 Comments